ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিমানবন্দরে সাইবার হামলা

২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৭  

ইতালির প্রায় দশটি সরকারি ওয়েবসাইটে শনিবার সাইবার হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় ও মিলানের দুটি প্রধান বিমানবন্দরের ওয়েবসাইটও রয়েছে। হামলার ফলে ওয়েবসাইটগুলো সাময়িকভাবে অচল হয়ে পড়ে বলে জানিয়েছে দেশটির সাইবার সুরক্ষা সংস্থা। খবর রয়টার্স।

প্রো-রাশিয়ান হ্যাকার গ্রুপ নোনেম০৫৭(১৬) এই হামলার দায় স্বীকার করেছে। গ্রুপটি তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, “ইতালির রুশ-বিরোধীদের যথাযথ সাইবার জবাব দেওয়া হয়েছে”।

ইতালির সাইবার সুরক্ষা সংস্থার একজন মুখপাত্র জানান, এই হামলাটি সম্ভবত "ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস" (ডিডস) হামলার অংশ, যেখানে হ্যাকাররা নেটওয়ার্কে অতিরিক্ত ডেটা ট্রাফিক পাঠিয়ে সিস্টেম অচল করার চেষ্টা করে। সংস্থা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে হামলার প্রভাব দুই ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে আনে।

মিলানের লিনাতে ও মালপেনসা বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রমে এই হামলার কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা এসইএর একজন মুখপাত্র। যদিও ওয়েবসাইট সাময়িকভাবে অচল ছিল, তবে বিমানবন্দরের মোবাইল অ্যাপ ঠিকভাবে কাজ করেছে বলে তিনি যোগ করেন।

ডিবিটেক/বিএমটি